মেহেন্দীগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী কর্তৃক এক কিশোরী গৃহকর্মীকে দীর্ঘদিন নির্যাতনের পর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গৃহকর্মী লামিয়া আক্তার (১৪) উপজেলার সদর ইউনিয়নের চরহোগলা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে। অভিযুক্ত নারী হলেন প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী ফাইজা আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গৃহকর্ত্রী ফাইজা আক্তার লামিয়ার বিরুদ্ধে কাপড় ধোয়ার কাজে ভুল করার অভিযোগ তুলে তাকে মারধর করেন। এক পর্যায়ে টগবগে গরম পানি ঢেলে দেন তার শরীরে। এতে লামিয়ার ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
নির্যাতনের খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) লামিয়ার মামা সিরাজুল ইসলাম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানা-এ একটি মামলা দায়ের করেন।
আহত কিশোরী লামিয়া আক্তার হাসপাতালের শয্যায় শুয়ে বলেন, ছোট বয়স থেকেই তিনি অভিযুক্ত ফাইজার বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছেন। সামান্য ভুল হলেই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। সর্বশেষ ঘটনায় গরম পানি ঢেলে দেওয়ায় তার শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
লামিয়ার স্বজনরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হলেও ভয়ে বিষয়টি প্রকাশ করতে পারেনি কিশোরীটি। ঘটনার পর আর সহ্য করতে না পেরে সে বাড়িতে ফিরে সব জানায়।
এ বিষয়ে অভিযুক্ত ফাইজা আক্তারের বোন সীমা বেগম বলেন, “আমার বোন কিছুটা মেজাজী। গরম পানি ঢেলে দেওয়ার ঘটনাটি আমি নিজে দেখিনি, শুনেছি। বিষয়টি কেন ঘটেছে তা নিশ্চিতভাবে বলতে পারছি না।”
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “ভুক্তভোগীর মামার করা মামলার পরপরই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com