ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির বরিশালের উজিরপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সালাম জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ শোলক গ্রামের একটি তালাবদ্ধ ঘরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাড়ির মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হন।
তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, রফিকের গ্রামের বাড়িতে ট্রাংকের মধ্যে একটি পিস্তল লুকানো রয়েছে।
পরে সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ট্রাংকের ভেতর থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad