নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলায় ভোরে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ মে) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়ক-এর গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরেও একই দাবিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অনুরূপ বিক্ষোভ মিছিল হয়।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরঘাটা বাসস্ট্যান্ডের ব্রিজ এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে।
ভিডিও সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ইউপি সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর গৌরনদী মডেল থানা-র ওসি মো. তারিক হাসান রাসেল জানান, ভোরে নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী পার্শ্ববর্তী এলাকা থেকে এসে ঝটিকা মিছিল করে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চলে যায়।
তিনি আরও বলেন, মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad