গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স এবং ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাদের স্বজনসহ ৭ জন গুরুতর আহত হন।
শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক বাইসিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের যাত্রীদের নিয়ে ভোলার দিকে যাচ্ছিলেন। সংঘর্ষের কারণে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে চালক গুরুতর আহত হন।
হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠান। চিকিৎসক অ্যাম্বুলেন্স চালককে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad