বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় পাথরঘাটা উপজেলা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বিএনপি ও জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় জামায়াত ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এজাহারভুক্ত আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করে।
এরই অংশ হিসেবে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করা হয়।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিদেরও গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুলাহ আল মাসুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের মাধ্যমে বিভিন্ন মামলার এজাহারভুক্ত একাধিক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
বরিশাল অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮,
মেইল: dailybarishalsangbad@gmail.com