নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপি লাইনসের ড্রিল শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে চেইন অব কমান্ড অনুসরণ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশনা দেন।
পূজামণ্ডপসহ বিভিন্ন স্তরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান পুলিশ কমিশনার।
ব্রিফিং প্যারেডে বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad