স্টাফ রিপোর্টার, বরিশাল: পবিত্র ঈদুল ফিতরের দিন বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে গরমের তীব্রতা সাময়িকভাবে হ্রাস পাবে।
এদিকে নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের দিনে বাইরে নামাজ আদায় বা ভ্রমণে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad