
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কাউনিয়া সরকারি বিদ্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ০১, ০২, ০৩ ও ০৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান হাওলাদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য জিয়া উদ্দিন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন খান, আল-আমিন, মোঃ সাজ্জাদ হোসেন, মাহাফুজুর রহমান মাহফুজ ও এডভোকেট আবুল কালাম আজাদ।
এসময় বক্তারা বলেন, “দেশ আজ এক গভীর সংকটে নিপতিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, গণতন্ত্র নির্বাসিত, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো জাতির মুক্তির রূপরেখা। দেশের প্রতিটি স্তরে দুর্নীতি, দমননীতি ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
তারা আরও বলেন,“বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফেরাতে আন্দোলন করছে। এই ৩১ দফাই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথনির্দেশনা। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।