বরিশাল-৫ আসনে হেভিওয়েটদের লড়াই, দলীয় মার্কাই নির্ধারণ করবে জয়-পরাজয়
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ |
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ |
স্টাফ রিপোর্টার

বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারসহ একাধিক হেভিওয়েট প্রার্থী।
ভোটারদের মতে, এখানে ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় মার্কার প্রভাবই বেশি।
আসনটি ধরে রাখতে মরিয়া বিএনপি। তবে শক্ত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে প্রার্থী হয়েছেন ডা. মনীষা চক্রবর্ত্তী,
যিনি এই আসনের একমাত্র নারী প্রার্থী।
বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩০৩ জন।
এর মধ্যে প্রায় অর্ধেক নারী ভোটার।
নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে
এবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মাঠে আছে, তাদের সক্রিয়তা দেখছি।
তবে অতীতে আমাদের ভোটের ব্যবধান বিবেচনায় এবারও ভালো করব বলে আমি আশাবাদী।
১৮টি প্রতিষ্ঠান করাসহ মানুষের জন্য কাজ করেছি, তাই তারা সন্তুষ্ট।’
জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল অভিযোগ করে বলেন,
‘নির্বাচনে আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসন একটি দলের প্রতি বেশি সহানুভূতিশীল।’
ইসলামী আন্দোলনের প্রার্থীও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
অন্যদিকে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী তরুণ ভোটারদের নিয়ে আশাবাদী।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে তরুণরা সামনের সারিতে ছিল,
সেই চেতনাকে ধারণ করেই আমরা মাঠে আছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।’
নির্বাচনী নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে ১৩টি চেকপোস্ট বসানো হয়েছে
এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন,
‘আমাদের পূর্ণ প্রস্তুতি আছে, যেকোনো পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা হবে।’
বিগত তিনটি নির্বাচনে যারা ভোট দিতে পারেননি,
তাদের মধ্যে এবার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের ধারণা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থকদের ভোট
জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখতে পারে।
এলাকা: বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা































