
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস্ পার্কে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় বিজয় মেলার আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য এই আয়োজনের জন্য প্রশাসনের কর্মকর্তারা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দল, ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বর্ণাঢ্য র্যালি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর কর্মসূচিতে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলালের নেতৃত্বে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার নাসরিনের নেতৃত্বে বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা বিশাল র্যালি নিয়ে স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান।
এবারের বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণে অংশ নেওয়া তরুণ প্রজন্ম একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সকাল ৯টায় নগরীর বেলস্ পার্কে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাও প্রদান করা হয়।
দুপুর ২টা থেকে কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিজয় র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বিজয় র্যালির আয়োজন করে।
মহান বিজয় দিবস উপলক্ষে ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন সুন্দরবন রেজিমেন্ট, বরিশালের উদ্যোগে সেনা ও নৌ শাখার ক্যাডেটদের অংশগ্রহণে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
একইদিন ব্যাপক আয়োজনে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
ভোর ৬টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দুপুরে বিজয় মেলা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।