
বরিশালের গৌরনদীতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, মঞ্জু বেপারী যাত্রী নামানোর পর বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে কিছু দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মঞ্জু বেপারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”