


গৌরনদী প্রতিনিধি: খেলার ছলে রাস্তায় গড়িয়ে যাওয়া বল কুড়াতে গিয়ে বরিশালের গৌরনদীতে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটার দিকে গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাই স্কুল সংলগ্ন এলাকায় মালবাহী নসিমনের চাপায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তুরফা (৩)। সে উপজেলার গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে বসে বল নিয়ে খেলছিল শিশু তুরফা। খেলার একপর্যায়ে বলটি গড়িয়ে সড়কের ওপর চলে যায়। অবুঝ শিশুটি সেই বল আনতে দৌড়ে রাস্তায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগড়ির মালবাহী নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”