


বরিশাল প্রতিনিধি: দেশীয় শিল্প-সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর নাজিরা পুল এলাকায় সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের উদ্যোগে আয়োজিত নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রচারণায় বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দেশের ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতি একটি মহলের অপচেষ্টায় আজ ধ্বংসের মুখে পড়েছে। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি, পালাগান, বাউল, জারি-সারি, ভাটিয়ালি, লাঠিখেলা ও বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্য অবহেলার শিকার হচ্ছে। এসব সংস্কৃতি টিকিয়ে রাখতে হলে দেশীয় শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক শক্তিকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজের বিবেক। তাদের যথাযথ সম্মান ও নিরাপদ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জাতির আত্মপরিচয় সংকটে পড়বে। এ কারণে শিল্পী-সংস্কৃতিকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি মো. ফরিদ উদ্দিন খান, সাধারণ সম্পাদক মো. শাহীন আলমসহ প্রায় ৪০ থেকে ৫০ জন শিল্পী প্রচারণায় অংশ নেন। তারা বিভিন্ন সড়ক ও এলাকায় গণসংযোগ করেন, পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশীয় শিল্প-সংস্কৃতি রক্ষার পক্ষে সচেতনতামূলক স্লোগান দেন।