


বরিশাল সদর প্রতিনিধি: বরিশালে বেশ কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁয়াজের দাম ১৫ টাকা কমেছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সব ধরনের সবজি কেজি প্রতি ১০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেটসহ পোর্ট রোড, বাংলাবাজার ও সাগরদী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে কেজি প্রতি ১১০–১২০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ৮৫ টাকায় নেমেছে। শিম (কালো) ৩০ টাকা, শিম (সাদা) ১০–১২ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, শসা ৫০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৪০ টাকা, পেঁপে ১৫–২০ টাকা, লাউ ২০–২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো ৩০–৩৫ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচকলা ২০ টাকা এবং লেবু হালি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজ গত সপ্তাহে কেজি প্রতি ৬৫ টাকা থাকলেও এ সপ্তাহে ১৫ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে খুচরা বাজারগুলোতে পাইকারি বাজারের তুলনায় সবজির দাম বেশি। খুচরা বাজারে ফুলকপি ৪০–৪৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, শিম ৪০–৪৫ টাকা, কাঁচামরিচ ১১০–১২০ টাকা, শসা ৭০ টাকা, বেগুন ৪০–৫০ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৫০–৫৫ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা এবং লেবু হালি ২০–২৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৫০–১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০–২৭০ টাকা এবং লেয়ার মুরগি ২৫০–২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। রুই মাছ ৩০০–৪৫০ টাকা, টেংরা ৫০০–৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০–১৪০ টাকা, পাঙাশ ১৮০–২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০–৮৫০ টাকা, পাবদা ২৫০–৪০০ টাকা এবং মাঝারি ভেটকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ বলেন, বর্তমানে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজার থেকে সবজি এনে খুচরা বাজারে বিক্রি করতে শ্রমিক খরচ, ভ্যান ভাড়া, ইজারা ও বিদ্যুৎ বিলসহ অতিরিক্ত খরচ যোগ হওয়ায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখতে হয়।