
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে সাদিক আবদুল্লাহর কাছে সম্পদ বিবরণী দাখিলের অনুমোদন দেয় কমিশন। সেই অনুযায়ী ২০২৫ সালের ১৬ অক্টোবর তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।
নোটিশ জারির জন্য ঢাকার কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর ২০২৫ তারিখে গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।
তবে নোটিশ জারির পরও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দুদক আরও জানায়, মামলার ঘটনাকাল ধরা হয়েছে ১৬ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ঘটনার স্থান হিসেবে দুদকের প্রধান কার্যালয়সহ ঢাকা, বরিশাল নগরী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকা উল্লেখ করা হয়েছে।