


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষার্থীরা সাতক্ষীরার মন্টু মিয়ার বাগান বাড়িতে শিক্ষা সফরে যান। সফরের পথে বাসে বসে শিক্ষার্থীদের একটি অংশ গানের সুরে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওটি শিক্ষার্থীরাই ধারণ করেন।
ভাইরাল হওয়া ভিডিওটি শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাধুবাদ জানান। অপরদিকে, ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে, বিশেষ করে রাজনৈতিক সংক্রান্ত পোস্টে শিক্ষার্থীদের ওপর প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকেও দায়ী করেছেন অভিভাবকরা। তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। “আমরা সন্তানদের লেখাপড়ার জন্য কলেজে পাঠাই, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়,” মন্তব্য করেছেন তারা।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।