


নেছারাবাদ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির সমন্বয়কারী মো. আজহারুল ইসলাম টুটুলের নেতৃত্বে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম টুটুল, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মাস্টার মো. এনামুল হক রতন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চন্দ্র হালদার বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সুযোগ্য সন্তান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপির কোনো বিকল্প নেই।”
বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন বলেন, “নেছারাবাদ উপজেলায় সনাতন সম্প্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ৪০ শতাংশ। তারা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। আজ সেই ধারাবাহিকতায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, “বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ সনাতন সম্প্রদায়ের ভাই-বোনেরা বিএনপিতে যোগদান করেছেন।”