


পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটা পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইমতিয়াজ হোসেন ইমাম বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে মুখোশ পরিহিত চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হাসিব বলেন,“আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা হতো, তখন হামলাকারীদের চেনা যেত। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা চালানো হচ্ছে। গত রাতে মুখোশ পরে ছাত্রদল নেতা ইমামের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। যারা গুপ্ত রাজনীতি করছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি।”
পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন,“ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার বা অন্য কারো পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”