দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা
৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক
মোস্তফা কামাল পলাশ ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে
এই পূর্বাভাস দেন।
নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের তীব্রতা
আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে।
আবহাওয়াবিদ পলাশের মতে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে
রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা
৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি)
শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।
এই সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে
সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়াবিদ পলাশ আরও জানান, বুধবার সকাল ৬টার মধ্যে দেশের
৮ বিভাগের মধ্যে ৫টি বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন ঘন কুয়াশা ও
উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।