


বরিশাল প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বরিশালের রাজনীতিতে বইছে উৎসবের আমেজ। এই ঐতিহাসিক সফরকে স্বাগত জানিয়ে এবং দলীয় শক্তি প্রদর্শনে সোমবার (০২ ফেব্রুয়ারি) নগরীতে বিশাল শোডাউন করেছে বিএনপি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দ র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সোমবার সকালে নগরীর বান্দরোডের অফিসার্স মেসের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর লঞ্চঘাট, ফজলুল হক এভিনিউ এবং সদর রোড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে দেওয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তাঁর নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করবে। এই সফর গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানাযায়,বুধবার সকালে তিনি আকাশপথে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন এবং বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার পর একই পথে ফিরে যাবেন।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে শিরিন বলেন, গত ১৭ বছর ধরে গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় তারুণ্যের সমাবেশসহ বিভিন্ন বিভাগীয় সমাবেশ সফলভাবে আয়োজন করা হয়েছে। এবারও বরিশালের বিভাগীয় সমাবেশকে ঐতিহাসিক ও সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, বরিশালের বিভাগীয় সমাবেশ বেলা ১১টায় শুরু হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সমাবেশের মূল মঞ্চে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আয়োজকদের প্রত্যাশা, তারেক রহমানের উপস্থিতিতে বরিশালের এই সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।